Showing posts with label Onubad. Show all posts
Showing posts with label Onubad. Show all posts

Friday, 7 March 2014

(৭১) ভালবাসা তার নিজস্ব দ্বীপ পার হয়

ভালবাসা তার নিজস্ব দ্বীপ পার হয়
এক দুঃখ থেকে অন্য বেদনায়, চোখের জলে সেঁচ দেওয়া
শেকড় চালায়। আর কেউ, কেউই,
হৃদয়ের শব্দহীন, সর্বগ্রাসী পদক্ষেপ থেকে রেহাই পায় না।

তুমি-আমি একটি বিস্তীর্ণ উপত্যকা, একটি ভিন গ্রহের খোঁজ করেছি
যেখানে লবনের তীব্রতা তোমার চুল স্পর্শ করবে না,
যেখানে আমার হাত বেদনা বাড়াবে না।
যেখানে এক খণ্ড রুটি বেঁচে থাকবে অমলিন।

এমন একটি খোলামেলা, জলময়, সবুজ গ্রহ,
যেখানে শুধু শক্ত সমতল, পাথর আর জনহীনতা:
পাখির মতন, নিজেদের হাতে একটি মজবুত বাসা তৈরী করতে চেয়েছি আমরা

যেখানে বেদনা নেই, আঘাত নেই, প্ররোচনা নেই।
কিন্তু ভালবাসা তো তেমন নয় : ভালবাসা একটি উন্মাদ নগরী
যেখানে বারান্দা থেকে, উঠোন থেকে, উপছে পড়ছে মানুষ।


-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৩/০৮

(`Love crosses its islands, from grief to grief', LXXI from 100 Sonnets of Love, by Pablo Neruda)

Thursday, 6 March 2014

(৬৫) মাতিল্দে, তুমি কোথায়? 

মাতিল্দে, তুমি কোথায়এইখানে, আমার 
হৃত্পিন্ডের ওপর, বুকের দুই পাঁজরের মাঝখানে, 
চকিত তোমার চলে যাওয়ার সাথে সাথে,
খেয়াল করি শোকের ঘাঁই মেরে ওঠা।

সে মুহূর্তে তোমার প্রাণের আশ্চর্য আলো চাই, 
চারিদিকে তাকিয়ে চাই আশা, বুভুক্ষুর মত পান করব বলে।
তোমাকে ছাড়া পোড়ো বাড়ির যে শূন্যতা, তার দিকে তাকিয়ে
দেখি দুঃখময় জানালা ছাড়া আর কিছু নেই।

শুধুমাত্র কথা বলবে না বলে বাকরুদ্ধ সিলিঙটা 
পাতা-হীন প্রাচীন বৃষ্টির শব্দ শোনে, শোনে ঝরা পালকের উড়ে যাওয়া 
রাতের কাছে আটক এটা-সেটার গুনগুন।  

তাই, একটি প্রাণহীন, শূন্যময় বাড়ির মতন তোমার অপেক্ষায় থাকি আমি।
যতক্ষণ না তুমি আসো, যতক্ষণ না আমার ভেতর বাস করো তুমি।
ততক্ষণ, আমার জানালাগুলি বেদনায় নীল হয়ে থাকে।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৩/০৭

('Matilde, where are you?'- LXV, from 100 Love Sonnets of Pablo Neruda)

Monday, 3 March 2014

(২৫) তোমাকে ভালবাসার আগে 

তোমাকে ভালবাসার আগে নিজের বলে কিছু ছিল না আমার।
রাস্তা আর সামগ্রীর ভেতর টালমাটাল হেঁটে
সব কিছু নামহীন, অপ্রয়োজনীয় মনে হত
পৃথিবীটা বায়বীয় ছিল, কার যেন অপেক্ষায় ।

কিছু ছাইময় ঘর ছিল, কোনো কোনো সুড়ঙ্গে, 
ছিল চাঁদের বসবাস। কিছু ভাগাড় ছিল, আমাকে চায়নি যারা, 
কিছু হানা-দেওয়া প্রশ্ন ছিল, বালির ভেতর; 
সব কিছু খাঁ খাঁ, মৃত, বোবা, ভাঙাচোরা ক্ষয়িষ্ণু, নির্জীব

পৃথিবীর দিকে তাকিয়ে সবই আশ্চর্য অচেনা
অনাত্মিক মনে হয়েছেযেন এ সমস্ত অন্য কারুর
হয়ত বা, বেওয়ারিশ সম্পত্তি সব

যতক্ষণ না তোমার সৌন্দর্য্য, তোমার অভাব, এসব এসে 
হেমন্তর প্রকৃতিকে বাঙ্ময়, ভরন্ত করে তোলে 
যতক্ষণ না তোমাকে ভালবাসি আমি

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৩/০৪

(`Before I loved you, Love, nothing was my own', XXV from 100 Sonnets of Love - Pablo Neruda)

Sunday, 2 March 2014

(৭) বলেছিলাম, সঙ্গে এসো

বলেছিলাম, সঙ্গে এসো। কেউ জানত না ঠিক কোথায়, 
কেমন করে, আমার বেদনা ধুকপুক করে উঠছিল তখন  
আমার জন্য কোনো সুমধুর কার্নেশন বা নদীর বুক চিরে ওঠা দেহাতী সঙ্গীত 
ছিল না ; শুধু ছিল একটি অনাবৃত ক্ষত, ভালবাসার উপহার

বলেছিলাম, সঙ্গে এসো, যেন আমি বাঁচব না আর, 
কিন্তু কেউ আমার মুখের ভেতর নিঃশব্দ জ্যোৎস্নার রক্তপাত
দেখেনি তখন। ভালবাসা, তারার আলোয় যে কাঁটা থাকে, 
সে যন্ত্রণা এখন হয়ত আমরা ভুলতে পারি!

তাই তোমার গলায় ফের, `সঙ্গে এসো' শুনে আমার মনে হয়
তোমার তাবৎ জমে-থাকা শোক, ভালবাসা, উষ্ণ প্রস্রবন, 
ফুঁসে ওঠা মদের পুঞ্জীভূত ক্রোধ, সব যেন বেরিয়ে পড়েছে

আর আমার মুখের ভেতর তখন আবার আমি ফিরে পাই 
সেই আগুন, সেই রক্তপাতিত ফুল,
সেই কঠি পাথর, দগদগে স্বাদ ।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 

(`Come with me, I said, and no one knew', VII from 100 Love Sonnets of Pablo Neruda)

Wednesday, 26 February 2014

তুমি স্তব্ধ হও, এই বাসনা করি আমি

তুমি স্তব্ধ হও, এই বাসনা করি আমি
তোমার নিঃশ্বাস এতই ধ্বনিহীন, যেন তুমি নেই যেন প্রান্তর থেকে শুনছ আমায়
আমার কন্ঠের অতীত থেকে,
তোমার চোখ যেন পাখির মত নিরুদ্দেশ,
তোমার ওষ্ঠপুট নিথর, চুম্বনের সীলমোহরে

আমার সত্তার পরমানু ছড়িয়ে আছে তাবদ সামগ্রীতে
আর সেই সব সজীব কণিকা থেকে 
যেন তুমি উথ্থিত হও, সত্তা আমার, 
যেন তুমি প্রজাপতি, স্বপ্ন অথবা, বিষণ্ণতা

তুমি স্তব্ধ হও এই বাসনা করি আমি, 
যেন তুমি এক উদাস কান্নার ধ্বনি
ঘুঘুর সুরেলা কন্ঠে কেঁদে ওঠা প্রজাপতি, 
দিগন্ত থেকে শুনছ আমায়
যেন আমার কন্ঠ তোমায় স্পর্শ করে না ।
আর সেই নীরবতার ভেতর
আমি আনম্র এসে বসি তোমার কাছে

তোমার নৈঃশব্দের ভাষায় আমরা কথা বলি
যে নৈঃশব্দ সাঁঝ-বাতির মতন উজ্জ্বল,
সরল, আংটির মতন, এক ঝাঁক নীহারিকা-ভরা রাত তুমি যেন
তারার মত স্বচ্ছ, সুদূর তোমার নিঃস্তব্ধতা

তুমি স্তব্ধ হও, এই বাসনা করি আমি
তোমার নিঃশ্বাস এতই ধ্বনিহীন,
যেন তুমি নেই, যেন তুমি শোক-সুনিবিড়, মৃত ।
একটি শব্দ তোমার, তোমার হাসি, যথেষ্ট তখন
যথেষ্ট আমার আনন্দের জন্য,
আনন্দ, যেহেতু এই মনে হওয়াগুলি কিছুই সত্য নয় |

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
(I like for you to be still, from 'Twenty Love Poems and a Song of Despair', 1924, Pablo Neruda)