Showing posts with label Kobita. Show all posts
Showing posts with label Kobita. Show all posts

Monday, 3 March 2014

(২৫) তোমাকে ভালবাসার আগে 

তোমাকে ভালবাসার আগে নিজের বলে কিছু ছিল না আমার।
রাস্তা আর সামগ্রীর ভেতর টালমাটাল হেঁটে
সব কিছু নামহীন, অপ্রয়োজনীয় মনে হত
পৃথিবীটা বায়বীয় ছিল, কার যেন অপেক্ষায় ।

কিছু ছাইময় ঘর ছিল, কোনো কোনো সুড়ঙ্গে, 
ছিল চাঁদের বসবাস। কিছু ভাগাড় ছিল, আমাকে চায়নি যারা, 
কিছু হানা-দেওয়া প্রশ্ন ছিল, বালির ভেতর; 
সব কিছু খাঁ খাঁ, মৃত, বোবা, ভাঙাচোরা ক্ষয়িষ্ণু, নির্জীব

পৃথিবীর দিকে তাকিয়ে সবই আশ্চর্য অচেনা
অনাত্মিক মনে হয়েছেযেন এ সমস্ত অন্য কারুর
হয়ত বা, বেওয়ারিশ সম্পত্তি সব

যতক্ষণ না তোমার সৌন্দর্য্য, তোমার অভাব, এসব এসে 
হেমন্তর প্রকৃতিকে বাঙ্ময়, ভরন্ত করে তোলে 
যতক্ষণ না তোমাকে ভালবাসি আমি

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 
২০১৪/০৩/০৪

(`Before I loved you, Love, nothing was my own', XXV from 100 Sonnets of Love - Pablo Neruda)

Sunday, 2 March 2014

(৭) বলেছিলাম, সঙ্গে এসো

বলেছিলাম, সঙ্গে এসো। কেউ জানত না ঠিক কোথায়, 
কেমন করে, আমার বেদনা ধুকপুক করে উঠছিল তখন  
আমার জন্য কোনো সুমধুর কার্নেশন বা নদীর বুক চিরে ওঠা দেহাতী সঙ্গীত 
ছিল না ; শুধু ছিল একটি অনাবৃত ক্ষত, ভালবাসার উপহার

বলেছিলাম, সঙ্গে এসো, যেন আমি বাঁচব না আর, 
কিন্তু কেউ আমার মুখের ভেতর নিঃশব্দ জ্যোৎস্নার রক্তপাত
দেখেনি তখন। ভালবাসা, তারার আলোয় যে কাঁটা থাকে, 
সে যন্ত্রণা এখন হয়ত আমরা ভুলতে পারি!

তাই তোমার গলায় ফের, `সঙ্গে এসো' শুনে আমার মনে হয়
তোমার তাবৎ জমে-থাকা শোক, ভালবাসা, উষ্ণ প্রস্রবন, 
ফুঁসে ওঠা মদের পুঞ্জীভূত ক্রোধ, সব যেন বেরিয়ে পড়েছে

আর আমার মুখের ভেতর তখন আবার আমি ফিরে পাই 
সেই আগুন, সেই রক্তপাতিত ফুল,
সেই কঠি পাথর, দগদগে স্বাদ ।

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার 

(`Come with me, I said, and no one knew', VII from 100 Love Sonnets of Pablo Neruda)

Wednesday, 26 February 2014

তুমি স্তব্ধ হও, এই বাসনা করি আমি

তুমি স্তব্ধ হও, এই বাসনা করি আমি
তোমার নিঃশ্বাস এতই ধ্বনিহীন, যেন তুমি নেই যেন প্রান্তর থেকে শুনছ আমায়
আমার কন্ঠের অতীত থেকে,
তোমার চোখ যেন পাখির মত নিরুদ্দেশ,
তোমার ওষ্ঠপুট নিথর, চুম্বনের সীলমোহরে

আমার সত্তার পরমানু ছড়িয়ে আছে তাবদ সামগ্রীতে
আর সেই সব সজীব কণিকা থেকে 
যেন তুমি উথ্থিত হও, সত্তা আমার, 
যেন তুমি প্রজাপতি, স্বপ্ন অথবা, বিষণ্ণতা

তুমি স্তব্ধ হও এই বাসনা করি আমি, 
যেন তুমি এক উদাস কান্নার ধ্বনি
ঘুঘুর সুরেলা কন্ঠে কেঁদে ওঠা প্রজাপতি, 
দিগন্ত থেকে শুনছ আমায়
যেন আমার কন্ঠ তোমায় স্পর্শ করে না ।
আর সেই নীরবতার ভেতর
আমি আনম্র এসে বসি তোমার কাছে

তোমার নৈঃশব্দের ভাষায় আমরা কথা বলি
যে নৈঃশব্দ সাঁঝ-বাতির মতন উজ্জ্বল,
সরল, আংটির মতন, এক ঝাঁক নীহারিকা-ভরা রাত তুমি যেন
তারার মত স্বচ্ছ, সুদূর তোমার নিঃস্তব্ধতা

তুমি স্তব্ধ হও, এই বাসনা করি আমি
তোমার নিঃশ্বাস এতই ধ্বনিহীন,
যেন তুমি নেই, যেন তুমি শোক-সুনিবিড়, মৃত ।
একটি শব্দ তোমার, তোমার হাসি, যথেষ্ট তখন
যথেষ্ট আমার আনন্দের জন্য,
আনন্দ, যেহেতু এই মনে হওয়াগুলি কিছুই সত্য নয় |

-অনুবাদ: আনন্দময়ী মজুমদার
(I like for you to be still, from 'Twenty Love Poems and a Song of Despair', 1924, Pablo Neruda)